প্রতিষ্ঠানের ইতিহাস
আল আকসা পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয় ২০১৯ সালে—একটি আদর্শ, আধুনিক ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি উন্নতমানের আধুনিক শিক্ষা উপকরণে সজ্জিত একটি বাংলা মাধ্যম স্কুল হিসেবে শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে চলেছে। সম্পূর্ণ ক্যাম্পাস CCTV ক্যামেরার আওতাভুক্ত, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাবোধ নিশ্চিত করে।
যদিও শিক্ষার মাধ্যম মাতৃভাষা বাংলা, তবুও ইংরেজি, আরবি ও হিন্দি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। প্রকৃতির সান্নিধ্যে সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রী নিয়ে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধনই এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।
বর্তমান কম্পিউটার ও মোবাইল-রোবটের যুগে যেখানে মানবিক মূল্যবোধ ক্রমশ লুপ্তপ্রায়, সেখানে আল আকসা পাবলিক স্কুল শিশুদের মধ্যে মানবতাবোধ জাগ্রত করার লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট। বিদ্যালয়ের বিশ্বাস—মানবতাবোধ জাগ্রত হলে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও বৈষম্য দূর হয়ে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে শিশু শ্রেণী থেকেই ধাপে ধাপে নৈতিক ও মূল্যবোধসমৃদ্ধ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।
কল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিভাবকদের সহযোগিতা ও বিশ্বাসকে পাথেয় করে এই দায়বদ্ধতা নিয়েই আল আকসা পাবলিক স্কুল তার পথচলা শুরু করেছে এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবিকতার আলো ছড়িয়ে যাওয়ার প্রত্যাশা রাখে।